মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ
প্রধান শিক্ষক পলাতক, এলাকায় উত্তেজনা
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) এ-সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন জানান, রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাদ্রাসায়ে বাবুত তাকওয়ায় ঘটনাটি ঘটেছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কক্ষের দরজা বন্ধ করে এক শিশুকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারা হচ্ছে। একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয় এবং স্কেল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পেটানো হয়। আরেকটি ভিডিওতে এক শিশুকে দেয়ালের সঙ্গে চেপে ধরে মাথায় বারবার আঘাত করা হচ্ছে। আলাদা একটি ছবিতে দুই শিশুকে জানালার সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় দেখা গেছে।
ইউএনও বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে মাদ্রাসার প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও। অভিভাবকেরা তাঁর কাছে এসেছিলেন, তবে কেউ লিখিত অভিযোগ করেননি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। কারণ ছাড়াই শিক্ষার্থীদের শিকলে বেঁধে রাখার অভিযোগও রয়েছে। শিক্ষকেরা শিশুদের সঙ্গে অমানবিক আচরণ করতেন বলে অভিভাবকদের অভিযোগ। ভয়ে শিশুরা বাড়িতে ফিরে এ বিষয়ে কিছু বলত না। ভিডিও ছড়িয়ে পড়ার পরই বিষয়টি সামনে আসে।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষকের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীকে নির্যাতন করেছেন।
এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুল্লাহ নীরব মোবাইল ফোনে বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীকে নির্যাতন করেছে। আমরা তাকে বহিষ্কার করেছি। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই।