সারাদেশে ১ হাজার খেলার মাঠ নির্মাণ করবে সরকার: ত্রাণমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শনে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত
দেশের ক্রীড়াঙ্গন গতিশীল করা, তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সারাদেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শনিবার (১০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে গ্রাম থেকে শহর পর্যন্ত সব খেলার মাঠ নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রাণমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে আবারও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে এবং এই আয়োজন ধারাবাহিকভাবে চালানো হবে। এতে খেলার মাঠে তরুণদের অংশগ্রহণ ও উৎসাহ বাড়বে।
যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নেই, সেখানে নতুন স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। যথাযথ মনোযোগ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেলে দেশের খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।