রাজউকের প্রকল্পে দখল-চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে রুয়াপের বাসিন্দারা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখেই রাজউক সমাপ্তির নোটিশ দেওয়ায় আবাসিক এলাকাটি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। এ সুযোগে বিভিন্ন স্থানে দখল ও অবৈধ কর্মকাণ্ড বাড়ছে।
শুক্রবার (৯ অক্টোবর) এসব কর্মকাণ্ড বন্ধ এবং আবাসিক এলাকার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে প্রকল্পের ৬ নম্বর প্রবেশপথের বিপরীতে মানববন্ধন করেন শতাধিক বাসিন্দা।
মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, সন্ধ্যার পর আবাসিক এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় ও বহিরাগত তরুণদের আড্ডা বসে। এসব স্থানে মধ্যরাত পর্যন্ত মাদক সেবনের অভিযোগ রয়েছে। একটি চক্রের সহায়তায় সেখানে মাদক ব্যবসাও বিস্তারের অভিযোগ করেন তাঁরা।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তারা আমাদের হাঁটার জায়গা দখল করতে চায়, এখানকার ময়লা পরিশোধনাগার দখল করে বাজার বসাতে চায়। আমরা এটি হতে দিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘এখানে রুয়াপের ভেতরের এবং বাইরের কয়েকজন মিলে চাঁদাবাজি ও দখলবাজি করতে চায়। আমরা এগুলো চাই না। কোনো প্রকার অবৈধ স্থাপনা ও দখল আমরা এখানে চাই না।’
মানববন্ধন থেকে আবাসিক এলাকার খেলার মাঠ, সবুজায়নের স্থান, সড়ক ও ফুটপাতের অবৈধ দখল বন্ধের দাবি জানান বাসিন্দারা। একই সঙ্গে মাদক ব্যবসা ও চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এদিকে, এক বিজ্ঞপ্তিতে বাসিন্দারা জানান, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের চেয়ে ১০ বছর বেশি সময় পার হলেও শেষ হয়নি। তাঁদের অভিযোগ, প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখেই রাজউক সমাপ্তির নোটিশ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবাসিক এলাকার বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার, পার্কিং ভবন, সুইমিং পুল ও ব্যায়ামাগার কমপ্লেক্সের কাজ এখনো অসম্পূর্ণ। বিভিন্ন ভবনে এখনো বরাদ্দ না দেওয়া ফ্ল্যাটও রয়েছে।
মানববন্ধনে রুয়াপের জ্যেষ্ঠ নাগরিকদের সংগঠন ‘নিসর্গ নীলিমা’র উদ্যোক্তা নিলোফার জাহান ববি বলেন, ‘আমরা একটি সরকারি আবাসিক এলাকায় থাকি। এখানে অবৈধ দখল ও চাঁদাবাজি হচ্ছে। আমরা এসব চাই না। আমরা বসবাসের উপযোগী একটি রুয়াপ চাই।’
বাসিন্দা কৃষিবিদ শাহীন আনোয়ার বলেন, ‘আমরা সম্মিলিতভাবে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো অন্যায় মেনে নেব না।’
