বিমানবন্দরে ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বরখাস্ত অতিরিক্ত ডিআইজি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং বিধিবহির্ভূতভাবে কর্মস্থল ত্যাগের ঘটনায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, টুটুল চক্রবর্তী রাজশাহীতে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত থাকার সময় ২০২৫ সালের ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি নেন। তবে ছুটি শুরুর আগে ১৩ নভেম্বর বিধিবহির্ভূতভাবে প্রস্থান প্রতিবেদন দাখিল না করেই কর্মস্থল ত্যাগ করেন তিনি।
এ ছাড়া ওই দিন নিজের প্রকৃত পরিচয় গোপন করে রাজশাহী রেঞ্জের ডিআইজি পরিচয়ে শাহ মখদুম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় যান তিনি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এর আগেও কয়েকবার ওই বিমানবন্দরে ডিআইজি পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন টুটুল চক্রবর্তী। বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে আসে। তার এ কর্মকাণ্ডে জনসমক্ষে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়। পরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। জবাব দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদনও করেননি।
প্রজ্ঞাপনে বলা হয়, টুটুল চক্রবর্তীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে গুরুদণ্ড দিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে তাকে সাময়িক বরখাস্ত করে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি থেকে তিনি ‘পলাতক’ রয়েছেন।
