EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া যাবে না: নায়াব ইউসুফ

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া যাবে না: নায়াব ইউসুফ

ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে শারদীয় আগমনী উৎসব উপলক্ষে অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুর আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জেলা এবং এখানে কোনো অবস্থাতেই এই সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে অনুষ্ঠিত অষ্টম বর্ষের শারদীয় আগমনী উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘শারদীয় সংঘ, ফরিদপুর’-এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

তিনি বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও শান্তিময় পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।

আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে নায়াব ইউসুফ আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখতে আমরা প্রশাসন ও স্থানীয়দের নিয়ে একসাথে কাজ করছি।

অনুষ্ঠানে পবিত্র বেদমন্ত্র, চণ্ডীপাঠ ও গীতাপাঠের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কর্মসূচির সূচনা হয়। সভা শেষে প্রধান অতিথি এমপি চৌধুরী নায়াব ইউসুফ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে শারদীয় আগমনী উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন।

সভায় মহানাম সম্প্রদায়ের সভাপতি আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, ইসকন মন্দিরের ব্যবস্থাপক শ্রীপাদ নকুলানন্দ কানাই দাস, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন