বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হলরুমে সংগঠনটির ৩৯তম সাধারণ সভায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ১১ জন সহসভাপতি, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে মোট ৩১ জন নির্বাচিত হয়েছেন।
কমিটির সহসভাপতিরা হলেন ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) থেকে আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।
অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. আবু নাসের মজুমদার। কোষাধ্যক্ষ হয়েছেন নুরুল্লাহ ভূঁইয়া বেলাল।
ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) থেকে মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী এবং দপ্তর সম্পাদক মো. জামালউদ্দিন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিত্ব রয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাঁদের দাবি, দেশে ৪২ হাজারের বেশি ট্যাক্স আইনজীবী রয়েছেন।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ট্যাক্স আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রমিজউদ্দিন আহমেদ বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে তিনি সম্মান ও দায়িত্ব হিসেবে দেখছেন। দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবার সহযোগিতা চান তিনি।
রমিজউদ্দিন আহমেদ আরও বলেন, রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের সঙ্গে পেশাগত মান উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে যৌথভাবে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। এর মাধ্যমে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বিটিএলএর কার্যক্রম আরও গতিশীল করতে এনবিআর চেয়ারম্যানের মাধ্যমে সংগঠনটির কার্যালয়ের সঙ্গে অতিরিক্ত একটি কক্ষ বরাদ্দ পাওয়া গেছে। নতুন কমিটি ট্যাক্স আইনজীবীদের স্বার্থ, পেশাগত মর্যাদা ও সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।