EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মেয়ের জন্মদিনের কেক কেনা হলো না, বাসচাপায় প্রাণ গেল বাবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম

মেয়ের জন্মদিনের কেক কেনা হলো না, বাসচাপায় প্রাণ গেল বাবার

ছবি: সংগৃহীত

অ অ

চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছেন সৌদিপ্রবাসী আল আমিন (৪০)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হৃদয় (১৯) নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি সৌদি আরবে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় আল আমিন ও হৃদয় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোরাদ জানান, চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগেই আল আমিনের মৃত্যু হয়েছিল। পরে হাজীগঞ্জ থানা-পুলিশের পক্ষ থেকে তার মরদেহ শাহরাস্তি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আল আমিনের আত্মীয় বাহারউদ্দিন জানান, আল আমিন সৌদিপ্রবাসী ছিলেন। তার একটি মেয়ে রয়েছে। মেয়ের জন্মদিনের কেক কিনতে হাজীগঞ্জ যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে। আগামী রোববার সকালে তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন