ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন, মৃত্যুর সংবাদটি গুজব
সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির বিষয়টি নিশ্চিত করেছেন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ এএম
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি। তিনি বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় চিকিৎসাধীন এবং আগের চেয়ে ভালো আছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। নামের মিল থাকায় বিভ্রান্তিতে পড়ে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ভুল করে বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবর জানানো হয়।
ব্যক্তিগত সহকারী আবির জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুজনের নামের মিলের কারণে ভুলবশত ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রয়াত আইনজীবী রফিকুল হোসেনের দাফন মিরপুরে সম্পন্ন হবে।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আবির বলেন, তিনি আগের চেয়ে ভালো আছেন। তবে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। যাতায়াতের সুবিধার জন্য ধানমন্ডির বাসা ছেড়ে এভারকেয়ার হাসপাতালের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, তিনি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। তার অসুস্থতার খবর পেয়ে গত ৩০ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
প্রসঙ্গত, গত বছরের ২ মার্চ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী অধ্যাপক ড. শাহিদা রফিক মারা যান। এরপর থেকে শারীরিক নানা জটিলতার কারণে তিনি অনেকটা নিভৃত জীবনযাপন করছেন।
-6ac77e20a0770.jpg)