EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

বিমানবন্দর হয়রানি ও দুর্নীতি রোধে কঠোর নজরদারির তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

জাতীয় সংসদ ভবনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

অ অ

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠিয়েছে বাংলাদেশ, যার মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী কর্মী রয়েছেন। একই সময়ে দেশে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রবাসী কর্মীরা বিমানবন্দরে পৌঁছানোর পর যেন কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার সুপারিশ করেছে কমিটি।

মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় যাতে না ঘটে, সে জন্য কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি, যার মধ্যে বর্তমানে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি। বেসরকারি এজেন্ট ও বোয়েসেল (বিওইএসএল)-এর মাধ্যমে এসব কর্মী বিদেশে পাঠানো হয়।

কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন