EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশকে এভিয়েশন হাব ও পর্যটন গন্তব্য হিসেবে গড়ার লক্ষ্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

বাংলাদেশকে এভিয়েশন হাব ও পর্যটন গন্তব্য হিসেবে গড়ার লক্ষ্য

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশকে অন্যতম প্রধান এভিয়েশন হাব এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো। এই লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রণালয়ের অধীনস্থ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

বৈঠকে বলা হয়, দেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে বাংলাদেশকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে বিমানবন্দর ব্যবস্থাপনা, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা, পর্যটন প্রচার ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করতে হবে।

স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্য থাকা পদের বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার সুপারিশ করেছে। একই সঙ্গে জনবল সংকট দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে শূন্য পদগুলো পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি এভিয়েশন খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।

পাশাপাশি, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের প্রসঙ্গ উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়। খাতটিতে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে সততা ও নিষ্ঠার সঙ্গে ‘করব কাজ, গড়ব দেশ’ নীতি ধারণ করার আহ্বান জানিয়ে বৈঠকে বক্তারা বলেন, আধুনিক ও নিরাপদ বিমান পরিবহন এবং পর্যটন খাতের টেকসই বিকাশে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৈঠকে কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ পটুয়াখালী-১ আসনে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, ময়মনসিংহ-৮ আসনে সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মোছা. সুরাইয়া জেরিন, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য শওকত আরা আক্তার, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব অংশ নেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সংস্থা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন