রেমিট্যান্স শাটডাউনের হুমকি অর্থনৈতিক নাশকতার অপচেষ্টা: প্রিন্স
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে রেমিট্যান্স শাটডাউনের হুমকি রাষ্ট্রের স্বার্থবিরোধী। এ ধরনের হুমকি দেশের স্থিতিশীলতা নষ্ট ও অর্থনৈতিক নাশকতার অপচেষ্টা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ময়মনসিংহের মুক্তাগাছায় দিনব্যাপী সরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ, প্রকল্প পরিদর্শন, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু।
উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
মুক্তাগাছায় জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের বরাদ্দের প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে মুক্তাগাছা জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প কমিটির কাছে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ, মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের টাকায় জনগণের কল্যাণ—এই নীতিকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পরিষদের কার্যক্রম আরও জনমুখী ও জবাবদিহিমূলক করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের সেবা ও উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ। এই অর্থের সর্বোচ্চ স্বচ্ছ, সঠিক ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা দায়িত্ব। উন্নয়ন প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জনগণের প্রয়োজন ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া হবে।
বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম
মুক্তাগাছা সফরকালে জেলা পরিষদের ডাকবাংলো ও মিলনায়তন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। এর মধ্য দিয়ে মুক্তাগাছায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে ময়মনসিংহ জেলা পরিষদ জেলার ১৪টি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
এ ছাড়া ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতা তৈরিতে মুক্তাগাছা পৌর শহরে পরামর্শপত্র বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও সংসদ সদস্য।
সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
দুপুরে মুক্তাগাছা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও জাকির হোসেন বাবলু।
সভায় মুক্তাগাছার উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র উপজেলার সার্বিক কার্যক্রম জেলা পরিষদের প্রশাসককে অবহিত করেন।
উন্নয়ন প্রকল্প ও স্থাপনা পরিদর্শন
মুক্তাগাছায় জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত একটি মসজিদ ও একটি সংযোগ সড়ক পরিদর্শন করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও জাকির হোসেন বাবলু।

তারা জেলা পরিষদের ডাকবাংলো ও মিলনায়তনও পরিদর্শন করেন। এসব স্থাপনার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়
বিকেলে মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সভায় তিনি বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নব্য জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তির দাবিতে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়েছেন উল্লেখ করে তিনি এর প্রতিবাদ জানান।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এ ধরনের হুমকি নজিরবিহীন। এটি দেশের স্থিতিশীলতা বিনষ্ট ও অর্থনৈতিক নাশকতার অপচেষ্টা। এটি তাদের কাণ্ডজ্ঞানহীন ও অপরিণামদর্শী রাজনীতির বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, দেশ, জনগণ, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি যাদের আনুগত্য ও সম্মান আছে, তারা এ ধরনের হুমকি দিতে পারেন না।
নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালনে সনাতন সম্প্রদায়কে সহযোগিতা করার কথাও বলেন।
এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গ্রহণযোগ্য, জনপ্রিয় ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। বিরোধী দলের অপপ্রচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতিনিয়ত জনগণের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রিন্স।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খানের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্যসচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদুজ্জামান এবং জেলা বিএনপির সদস্য একরামুল রহমান জুয়েল বক্তব্য দেন।