EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের প্রস্তুতি সভা

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

লক্ষ্মীপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের প্রস্তুতি সভা

লক্ষ্মীপুর সদর উপজেলা কনফারেন্স রুমে পূজার প্রস্তুতি সভা। ছবি: ডেইলি সান

অ অ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় আগাম প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা কনফারেন্স রুমে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজামণ্ডপের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রতিনিধি। এ ছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়।

চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পঞ্জিকা অনুযায়ী ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। সরকারি ছুটি ২০ ও ২১ অক্টোবর; মন্ত্রিসভা ২২ অক্টোবরও ছুটি অনুমোদন করায় সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিন সরকারি ছুটি মিলছে।

আরও পড়ুন