ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা নিরসনে করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর ও শৃঙ্খলিত করার পাশাপাশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।
