EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান

এয়ারবাসের উড়োজাহাজ/ ছবি সংগৃহীত

অ অ

দীর্ঘদিনের বোয়িং-নির্ভরতা ভেঙে এবার ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটির বহরে যুক্ত হতে যাচ্ছে এয়ারবাসের ১০টি ব্র্যান্ড নিউ উড়োজাহাজ।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিমান ও এয়ারবাসের মধ্যে ১০টি উড়োজাহাজ  কেনার এই ঐতিহাসিক চুক্তি সই হয়।

চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান। এ৩৫০-৯০০ উড়োজাহাজগুলো দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার। 

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন জুর্গেন ওয়েস্টারমায়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।

চুক্তি অনুযায়ী, এয়ারবাসের উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে ১০টি উড়োজাহাজ কেনার মোট বাণিজ্যিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।

চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দিয়ে দূরপাল্লার আন্তর্জাতিক রুট পরিচালনার পরিকল্পনা রয়েছে বিমানের। আর ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে। বড় উড়োজাহাজের প্রয়োজন নেই এমন রুটে তুলনামূলক কম ধারণক্ষমতার এ৩২১নিও ব্যবহার করা যাবে।

বর্তমানে বিমানের জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি। এয়ারবাসের নতুন ১০টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে প্রথমবারের মতো বোয়িং ও এয়ারবাস দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে বহর পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

আরও পড়ুন