সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান প্রতিমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম
সাভারের সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত
দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনা ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় এক—আমরা সবাই বাংলাদেশি।
বুধবার (৭ অক্টোবর) বিকালে সাভার উপজেলা পরিষদে আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও প্রস্তুতি বিষয়ক বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ—এই চেতনাকে ধারণ করে আমরা পথ চলতে চাই। এই দেশ আমাদের সবার; তাই দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার। সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। এই সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটরিং টিম গঠন করে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।