EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল তরুণীর লাশ

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল তরুণীর লাশ

প্রতীকী ছবি

অ অ

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলায় নিখোঁজের তিন দিন পর মর্জিনা খাতুন (২৯) নামে এক তরুণীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শাসলা পিয়ালা এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

নিহত মর্জিনা খাতুন ওই এলাকার আব্দুল কুদ্দুছ ও মাজেদা খাতুনের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) বিকেলে মর্জিনা নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে মঙ্গলবার তাঁর বড় ভাই আব্দুল মান্নান ভুল্লী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মর্জিনার মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই আব্দুল মান্নান বলেন, আমার ছোট বোন মর্জিনা ছোটবেলা থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিল। প্রায়ই সে অসুস্থ হয়ে পড়ত। কীভাবে সে পুকুরে পড়েছে, আমরা জানি না। এ ঘটনায় আমাদের পরিবারের কারও কোনো অভিযোগ বা সন্দেহ নেই।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন