EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পিএম

মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

অ অ

শ্রম আইন অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহাসচিব মাহতাবউদ্দিন শহিদ, প্রেসিডিয়াম সদস্য এম দেলোয়ার হোসেন ও আব্বাসউদ্দীন, সম্পাদকমণ্ডলীর সদস্য তাহমিনা রহমানসহ অন্যরা।

নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপনের জন্য বর্তমান মজুরি অপ্রতুল। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ দিশেহারা। প্রায় ৫০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয়ের মূল কারিগর পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন।

তারা বলেন, বাড়িভাড়াসহ সবজি, মাছ, মুরগি ও ডিমের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকরা নিজেদের ও পরিবারের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন। সংশোধিত শ্রম আইন অনুযায়ী তিন বছর পরপর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের কথা থাকলেও এখনো তা করা হয়নি। এ অবস্থায় অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে শ্রমিকদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বহুমাত্রিক শ্রমিক কার্ড ইস্যু করা এবং ১ হাজার টাকা প্যাকেজে শ্রমিক পরিবারকে মাসিক চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি ও শিশু খাদ্য দেওয়ার ব্যবস্থা করা; বাড়িভাড়া নিয়ন্ত্রণে বিধিমালা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বে শ্রমিক কলোনি ও ডরমিটরি নির্মাণ; শিল্পাঞ্চলে সন্ধ্যাকালীন চিকিৎসাসেবা চালুসহ প্রয়োজনীয় হাসপাতাল স্থাপনের কার্যকর পদক্ষেপ নেওয়া।

এ ছাড়া শ্রম আইনবহির্ভূত শ্রমিকদের কালো তালিকাভুক্ত করে প্রকাশ্যে গেটে প্রদর্শন বন্ধ করা এবং কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কিম জাতীয়ভাবে ইআইএস পর্যায়ে পর্যায়ক্রমে সব শ্রমিকের জন্য আগামী বছর চালুর দাবি জানানো হয়।

আরও পড়ুন