EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি: এআই দিয়ে বানানো।

অ অ

অনলাইন বেটিং পরিচালনা এবং অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে পাবনায় তিনজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. মনোয়ার হোসেন (৪১), মো. মারুফ হোসেন হলি (২৭) ও মো. ইলিয়াস হোসেন রাজুকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে।

সিআইডি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের মাধ্যমে তারা জানতে পারে, দেশে ও বিদেশে অবস্থানকারী একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচার করে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিংয়ের আয়োজন করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, এসব বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলনের জন্য বিভিন্ন এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ করে এসব হিসাব সংগ্রহের পর টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে বেটিং সাইট পরিচালনাকারীদের কাছে তথ্য সরবরাহ করা হতো।

এজেন্টরা অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ একত্রিত করে কমিশন রেখে বাকি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করতেন। পরে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে সিআইডি।

এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন থানায় ১৯ মে ২০২৬ সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ২০(২)/২১(২)/২৪(২)/২৭(২) ধারায় মামলা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং চক্রের সঙ্গে সম্পৃক্ততা ও জুয়ার টাকা সংগ্রহের বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই করে চক্রের অন্য সদস্য, অর্থপাচারের পরিমাণ ও পদ্ধতি এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

সিআইডি জানিয়েছে, অনলাইন বেটিং ও অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে জনগণকে অনলাইন জুয়া থেকে বিরত থাকার এবং এ ধরনের লেনদেন সম্পর্কে তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন