বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বাড়ে। তবে বিতর্ক যেন শুধু তর্কের জন্য তর্ক না হয়। এতে সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক তথ্য উপস্থাপন করতে হবে।
তিনি বলেন, বিতর্কে অংশ নিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয় থাকতে হবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, এসব কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ কর্মজীবনেও এর ইতিবাচক প্রভাব পড়ে।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে এসব প্রতিযোগিতা সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এসব উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা আরও বাড়বে এবং তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তরুণদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দেশের যেখানেই থাকুক, তরুণ প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট জোসেফ স্কুল এবং রানার্সআপ হয়েছে সামসুল হক খান স্কুল। প্রতিমন্ত্রী দুই দলের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।
তিনি বলেন, অল্প বয়সে শিক্ষার্থীরা যে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বিতর্কে অংশ নিয়েছে, তা প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
অনুষ্ঠানের আগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে ট্রফি, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
