সুবিধাবঞ্চিত শিশুরাও আসবে শিশু একাডেমির আওতায়: ডা. জাহিদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: সংগৃহীত
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরও বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, শুধু সুবিধাপ্রাপ্ত শিশুরাই নয়, সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু একাডেমির কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে পঞ্চাশ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম ও অবকাঠামো সম্প্রসারণ করা হবে।
শিশুদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে ‘নতুন কুড়ি’ ও ‘নতুন কুড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে। এতে ১৪টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করে দেশব্যাপী বিশেষ ক্রীড়া কর্মসূচি নেওয়া হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান শিশুদের মানবিক গুণাবলি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিশু একাডেমির কার্যক্রম আরও বিস্তৃত করার অনুরোধ করেন তিনি।
সেমিনারে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
মুক্ত আলোচনায় শিশুশ্রম নিরসন, অপুষ্টি দূরীকরণ, শিশুস্বাস্থ্য নিশ্চিত করা, বাল্যবিয়ে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। শিশুদের সার্বিক কল্যাণে ‘সার্ক শিশু সম্মেলন’ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছাঃ আরজু আরা বেগমসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার কর্মকর্তা, শিশু অধিকারবিষয়ক সংস্থার প্রতিনিধি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন জেলার শিশুরা উপস্থিত ছিলেন।