অগ্নিকাণ্ডে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
ছবি: বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সংগৃহীত
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের চালু থাকা প্রথম ইউনিট ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে গেছে। অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটগুলোর বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে উত্তরাঞ্চলে ফের বিদ্যুৎ সংকট হওয়ার আশংকা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটের আইঅ্যান্ডসি সেকশনের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হয়। সেখান থেকে হঠাৎ আগুনের প্রভাবে সচল থাকা ৩ নম্বর ইউনিটের ‘ট্রিপ’ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় কেন্দ্রটির সামগ্রিক উৎপাদন।
কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।তবে দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, সম্প্রতি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট ও ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিট সচল ছিল। ২০২০ সাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে কেন্দ্রটির ২ নম্বর ইউনিট। এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে প্রায় ৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল।
২০১৭ সালে স্থাপন করা ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি প্রায় ৮ বছর চালু ছিল। কিন্তু ২০২৪ সালে ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৮ মাস ২০ দিন বন্ধ থাকার পর প্রায় দুই মাস আগে ইউনিটটি পুনরায় সচল করা হয়েছিল।
এখন ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট দুটিই বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করা সম্ভব হচ্ছে না। ফলে সে এলাকায় বিদ্যুৎ সংকটের আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।