লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আনিছ কবির, মো. আজাদ, আমিনুল ইসলাম রাজু, মো. ইব্রাহিম, সাংবাদিক মাহমুদ ফারুকসহ অনেকে।
প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার ছয়টি উপজেলার অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগের ১২টি দল অংশ নিয়েছে।
কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে বিভিন্ন উপজেলার খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুলিশ লাইন্স মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেলে অনুষ্ঠিত হবে। পরে জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।