আধুনিক এটিসি টাওয়ারে বাড়ছে রাজস্ব আয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৮ এএম
ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার স্থাপনের পর ফ্লাইং ওভার চার্জ বাবদ রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশের সমগ্র আকাশসীমা নজরদারির আওতায় আসায় বিমান চলাচলের নিরাপত্তাও নিশ্চিত হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে সরকারের আয় হয়েছে ৪১৬ কোটি ৯১ লাখ টাকা। আগের সময়ের তুলনায় এ আয় প্রায় ৮ থেকে ১০ শতাংশ বেড়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এটিসি সদস্য এয়ার কমডোর মো. নুর-ই-আলম বলেন, রাজস্ব প্রবৃদ্ধির হার এখন ৬ থেকে ৮ শতাংশ। তাঁর ভাষ্য, ২০২৫ ও ২০২৬ সালের দিকে তাকালে দেখা যায়, আগে শুধু ওভার ফ্লাইং থেকে মাসে ৬০-৭০ কোটি টাকা আসত। এখন তা ৬৯-৭১ কোটি টাকার আশপাশে আসছে।
ফ্রান্সের থেলাস কোম্পানির রাডার বসাতে সরকারের ব্যয় হয়েছে ৯৪২ কোটি টাকা। নুর-ই-আলম জানান, বর্তমান আয়ের ধারা বজায় থাকলে আগামী ১৬ থেকে ১৮ মাসের মধ্যে রাডারের পুরো ব্যয় তোলা সম্ভব।
নতুন টাওয়ার ও আধুনিক নেভিগেশন ব্যবস্থার ফলে ঢাকা থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণ করা যাচ্ছে। দেশের আকাশসীমায় প্রবেশ করা প্রতিটি ফ্লাইট শনাক্ত করে নির্ধারিত ফি আদায় সম্ভব হচ্ছে।
তিনি বলেন, বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আগে রাডারের আওতায় সেভাবে ছিল না। চট্টগ্রাম রাডার সমন্বিত হওয়ায় এখন দক্ষিণ দিকে বহুদূর পর্যন্ত কাভারেজ দেওয়া যাচ্ছে। যেখানে রাডার পাওয়া যায় না, সেখানে অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে সক্ষমতা তৈরি করা হয়েছে। ফলে সাগরের ওপর দিয়ে যাওয়া রুটগুলো থেকেও রাজস্ব আদায় করা যাবে।