উচ্ছেদের পর ফুটপাতে হকার বসলে কঠোর আইন প্রয়োগ: ডিএসসিসি প্রশাসক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম
অবৈধ দখল উচ্ছেদের পরও যদি হকাররা ফুটপাতে দোকান নিয়ে বসেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ-পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি হকার সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মূল সড়ক বন্ধ করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। উচ্ছেদের পর পুনরায় কেউ ফুটপাত দখল করে দোকান নিয়ে বসলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার হকারদের উচ্ছেদ করতে চায় না। তবে নির্দিষ্ট জায়গায় বসে ব্যবসা করলে তাদের উচ্ছেদ করা হবে না। হকারদের জন্য নির্ধারিত জায়গায় ব্যবসা করার ব্যবস্থা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে।
আবদুস সালাম আরও বলেন, সিটি করপোরেশন চায় হকাররা নির্দিষ্ট জায়গায় বসুক। এতে একদিকে যেমন হকাররা ব্যবসা করতে পারবেন, অন্যদিকে পথচারীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হবে না।
তিনি জানান, হকারদের ব্যবসার সুযোগ দিতে শুক্র ও শনিবার হলিডে মার্কেট বসানোর সুযোগ দেওয়া হবে। নির্ধারিত স্থান ও সময় মেনে হকাররা সেখানে দোকান বসাতে পারবেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে হকারদের জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশনের নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।