টার্মিনাল ইজারা: চট্টগ্রাম বন্দরের মূল ফটকে বন্দর রক্ষা কমিটির অবস্থান
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটিসি)সহ বিভিন্ন স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বন্দরের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা কমিটি।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম সমর্থন জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বন্দর ভবনের বিকল্প গেটের সামনে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্দর রক্ষা কমিটির নেতা-কর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং আমদানি-রপ্তানির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)।
বক্তারা দাবি করেন, বন্দরের নিজস্ব অর্থায়নে এনসিটি নির্মাণ করা হয়েছে। টার্মিনালে ব্যবহৃত কনটেইনার হ্যান্ডলিংয়ের গ্যানট্রি ক্রেনসহ অত্যাধুনিক ভারী যন্ত্রপাতিও বন্দরের অর্থায়নে কেনা হয়েছে। তাই বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়ার উদ্যোগের বিরোধিতা করেন তারা।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ প্রত্যাহার না হলে এ দাবিতে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা মহিন উদ্দিন, বিএলএফের সাংগঠনিক সম্পাদক রবিউল হকসহ অনেকে।