EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বারিধারায় গাড়িচাপায় মৃত্যু: আপস করেও জামিন পেল না কিশোর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

বারিধারায় গাড়িচাপায় মৃত্যু: আপস করেও জামিন পেল না কিশোর

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসানের মৃত্যুর মামলায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন। এরপর তাকে ফের কিশোর উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানো হয়।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম মোস্তফা খান। তিনি বলেন, ঘটনার দিন ওই কিশোর গাড়ি চালাচ্ছিল না; চালকের ভুলে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং জামিন পেলে তাদের কোনো আপত্তি নেই। 

শুনানির সময় নিহতের বাবা ও ভাই আদালতে উপস্থিত ছিলেন। বিচারক হাজতবাসের সময়কাল জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী জানান, কিশোরের গ্রেপ্তারের ১২ দিন হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ উদ্দিন মামুন জামিনের বিরোধিতা করে বলেন, এটি চাঞ্চল্যকর মামলা এবং কিশোরের গাড়ি চালানোর অনুমতি বা লাইসেন্স ছিল না। 

এরপর বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। এ সময় বিচারক বলেন, এখন জামিন পেলে সমাজের কাছে একটা খারাপ মেসেজ যাবে। এই ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। আইন-বিচারকে বিত্তবানেরা ও শিশুরা সহজ ভাববে।

গত ২২ সেপ্টেম্বর বিকেলে বারিধারা এলাকার একটি সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান। এ সময় একটি প্রাইভেটকার তাঁর ওপর উঠে যায়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে দেন। পরে জানা যায়, অন্য একজনকে আসামি দেখিয়ে কিশোরকে ছেড়ে দেয় পুলিশ। এ নিয়ে সমালোচনা শুরু হলে ২৩ সেপ্টেম্বর কিশোরকে গ্রেপ্তার করে গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে আপস করার কথা জানিয়েছিলেন অভিযুক্ত কিশোরের আইনজীবী।

আরও পড়ুন