EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁদাবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো: মির্জা ফয়সল আমীন

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

চাঁদাবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো: মির্জা ফয়সল আমীন

ছবি: সংগৃহীত

অ অ

আমার বিরুদ্ধে চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো বলে জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামায়াত মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেনের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলে।

জামায়াত প্রার্থীর ত্রাণ কার্যক্রমের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফয়সল বলেন, আপনি বলে বেড়াচ্ছেন কম্বল ও ছাগল দিয়েছেন। এত কিছু নিশ্চয়ই নিজের অর্থে দেন না, ডোনেশন নিয়ে দেন। আপনারা নিলে ডোনেশন, আর আমরা নিলে সেটা চাঁদাবাজি হয়ে যায়—এসব প্রপাগান্ডা বন্ধ করেন। মানুষের চরিত্র হনন করা কোনো ধর্মই সমর্থন করে না।

ফয়সল আমীন বলেন, গত নির্বাচনে আমার বড় ভাই (মির্জা ফখরুল) দেলওয়ারকে ভালো ছেলে বলেছিলেন। ভালোকে ভালো বলা আমাদের অভ্যাস। তার মানে এই নয় যে ফয়সল খারাপ ছেলে কিংবা দেলওয়ারই এখানকার এমপি হবে। এ সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না।

তিনি আরও বলেন, গত নির্বাচনে তারা সমানে বেহেশতের টিকিট বিক্রি করেছে। পৃথিবী ও সমাজকে সুন্দর করতে হিংসা-বিদ্বেষ বন্ধ করে আমাদের কর্ম ও চেষ্টা অনেক বেশি প্রয়োজন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মো. আলম, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মাহমুদ খাঁন রতনসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন