নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলিতে আহত ২
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
নবীনগরের চরলাপাং গ্রামে গুলির ঘটনায় আহত দুজন হাসপাতালে। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই গ্রামের ফুল মিয়া (৬০) ও সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণের সময় গ্রামের অহিদ মিয়া বাধা দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। অহিদ মিয়া ও তাঁর ভাই উবায়দুল মিয়া ট্রাক্টর ভাড়া দেওয়ার ব্যবসা করেন। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হয়।
এরপর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হালচাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। পুলিশের ভাষ্য, একই ব্যবসায় আধিপত্য হারানোর শঙ্কায় অহিদ ও উবায়দুল ক্ষুব্ধ হন। কয়েক দিন ধরে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
অভিযোগ রয়েছে, এর জের ধরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়াটে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালান। এ সময় গুলিতে ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।