EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া

কসবায় শিক্ষিকাকে অপহরণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারে আল্টিমেটাম

৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কসবা থানা ঘেরাওয়ের আল্টিমেটাম

ডেইলি সান রিপোর্ট, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

কসবায় শিক্ষিকাকে অপহরণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারে আল্টিমেটাম

আকছিনা-কুল্লাবাড়ী মডার্ণ স্কুলের সামনে অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টার অভিযোগে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) দুপুরে আকছিনা-কুল্লাবাড়ী মডার্ণ স্কুলের সামনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে কসবা থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বক্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকার পথরোধ করে তাঁকে অপহরণের চেষ্টা করা হয়। সেদিন সন্ধ্যায় কসবা থানায় অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা। ছয় দিনেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বক্তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শিক্ষিকার ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে প্ল্যাকার্ড হাতে রাজপথে আকছিনা-কুল্লাবাড়ী মডার্ণ স্কুলের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

অভিযোগে বলা হয়েছে, দেলোয়ার হোসেন একটি কালো রঙের পিস্তল শিক্ষিকার পেটে ঠেকিয়ে ভয় দেখিয়ে তাঁকে জোর করে সিএনজিতে তোলেন। পরে সুযোগ বুঝে শিক্ষিকা চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আকছিনা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিন মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা খন্দকার সাদ্দাম হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন জিন্নাহ বলেন, তিনি শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করেননি। সম্পর্কের কারণে তাঁকে নিয়ে সিএনজিতে ঘুরতে বের হয়েছিলেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে হেয় করতে মিথ্যা অভিযোগ করছে।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করছি, দ্রুত তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

আরও পড়ুন