ডিএমপির ১১ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকার বাইরে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ বদলি করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে সই করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হলেও সিলেট রেঞ্জ কার্যালয়ে তার সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খান ও মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
এ ছাড়া তোফায়েল আহমেদ ও মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে এপিবিএনে, ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে, এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ৮ অক্টোবর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।