EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আইনবিরোধী কাজে জড়ালে রাজনৈতিক পরিচয় দেখা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

আইনবিরোধী কাজে জড়ালে রাজনৈতিক পরিচয় দেখা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক তদবির গ্রহণ করা হবে না।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, তার নির্বাচনী এলাকায় সব ধর্মের মানুষের সহাবস্থান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি—যে দলেরই হোক, কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময়সভায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত অন্যতম। এ সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অর্থনীতি পুনরুদ্ধার করে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে।

নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রণদা প্রসাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান প্রমুখ।

আরও পড়ুন