EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রূপগঞ্জে বৈঠার ছন্দে ফিরল ১৫ বছরের হারানো উৎসব

শীতলক্ষ্যায় ২৫ নৌকার লড়াই, সেরা কলাতলীর সোহেল রানা

ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম

রূপগঞ্জে বৈঠার ছন্দে ফিরল ১৫ বছরের হারানো উৎসব

শীতলক্ষ্যায় প্রতিযোগিতায় ছুটছে দুটি নৌকা, বৈঠা হাতে বাইচারিরা। ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (৩ অক্টোবর) কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে।

নদীর নাব্যতা হ্রাস ও আধুনিকায়নের ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ এই লোকজ ঐতিহ্যকে ফিরে পেয়ে দিঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টিসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। হাজার হাজার দর্শনার্থী নদীর পাড়ে দাঁড়িয়ে কিংবা নৌকা-ট্রলারে ভেসে এই জমজমাট প্রতিযোগিতা উপভোগ করেন।

নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। 

এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে মোট ২৫টি নৌকা অংশ নেয়। শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘কলাতলী সোহেল রানা এক্সপ্রেস’। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ‘কালাদি সাথী এক্সপ্রেস’ এবং ‘কেরাবো সবার বন্ধু’। পরে বিজয়ীদের হাতে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশনসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন পর এমন আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নদীর পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রেখে প্রতিবছর এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হবে। আগামী বছর আমি নিজেও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার চেষ্টা করব।

আরও পড়ুন