EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিশুদের শিক্ষা ও কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে সরকার: ত্রাণমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

শিশুদের শিক্ষা ও কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে সরকার: ত্রাণমন্ত্রী
অ অ

শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিনা মূল্যে বই ও পোশাক দেওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সুযোগও সম্প্রসারণ করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। শিক্ষার মানোন্নয়ন নিয়ে এ সভার আয়োজন করা হয়।

নিজের সময়ের প্রাথমিক শিক্ষার পরিবেশের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে আসাদুল হাবিব দুলু বলেন, আগে অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত চেয়ার-বেঞ্চ ছিল না। অবকাঠামোও ছিল অপর্যাপ্ত। এখন বিদ্যালয়ের পরিবেশ ও সুযোগ-সুবিধায় পরিবর্তন এসেছে।

শিশুদের বেড়ে ওঠায় পরিবারের ভূমিকার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, মায়েরা স্নেহ ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে তোলেন। শিশুদের দেখাশোনা, কুসঙ্গ থেকে দূরে রাখা এবং পড়াশোনায় যুক্ত রাখার দায়িত্ব অভিভাবকদেরও রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্ব দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, ওই বিদ্যালয়ে পাঁচ-ছয়জন শিক্ষক থাকলেও শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ জন।

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

কারিগরি শিক্ষার বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, আগামী বছর এ খাতে আরও গুরুত্ব দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার সুযোগ চালু হলে শিক্ষার্থীরা সাধারণ পড়াশোনার পাশাপাশি কর্মমুখী দক্ষতা অর্জন করতে পারবে। এই দক্ষতা তাদের কর্মজীবনে সহায়ক হবে।

মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন