টঙ্গীতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে পাওয়া ১০ ককটেল নিষ্ক্রিয় করল পুলিশ
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে রাখা একটি বস্তা থেকে ১০টি ককটেল ও বস্তার পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধারের পর বিকালে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয় (২২)। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুটিয়ার আন্ধারুল এলাকায় নূর নবীর বাড়ির সামনে একটি বস্তায় ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে গেছে। উদ্ধারের পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঢাকা থেকে এসে বিকেল চারটার দিকে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।