EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কুড়িগ্রামে ধরলার পাড়ে কাশফুলের শুভ্রতায় মুগ্ধ দর্শনার্থীরা

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

কুড়িগ্রামে ধরলার পাড়ে কাশফুলের শুভ্রতায় মুগ্ধ দর্শনার্থীরা

ধরলার পাড়ে কাশবনে ঘুরতে আসা দর্শনার্থীরা। ছবি: জাহাঙ্গীর আলম

অ অ

নীল আকাশে সাদা মেঘ আর মাঠজুড়ে কাশফুলের দোলা—শরতের এই স্নিগ্ধ রূপ এখন ছড়িয়ে পড়েছে কুড়িগ্রামের ধরলা নদীর চরাঞ্চলে। নদীর তীরজুড়ে ফুটে থাকা মাইলের পর মাইল সাদা কাশফুল আর নির্মল পরিবেশ মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। দূর থেকে দেখলে মনে হয়, চরাঞ্চলের সবুজ বুকজুড়ে কে যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার এক বিশাল চাদর।

বিশেষ করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর চরাঞ্চলগুলোতে এখন সবুজের সমারোহ, নীল আকাশ আর সাদা কাশফুলের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে। প্রাত্যহিক জীবনের ব্যস্ততা ভুলে শরতের এই স্নিগ্ধ রূপ উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন শত শত মানুষ।

বিকেল গড়াতেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে চরের কাশবনে প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো এলাকা। কেউ কাশবনের বুক চিরে হেঁটে বেড়াচ্ছেন, কেউ নদীর পাড়ে বসে মৃদু বাতাস উপভোগ করছেন, আবার কেউবা মুঠোফোন কিংবা ক্যামেরায় বন্দি করছেন সোনালি বিকেলের ক্যানভাস।

কাশফুল হাতে সেলফি তুলছেন দুই তরুণী। ছবি: জাহাঙ্গীর আলম

বন্ধুদের সাথে কাশবনে ঘুরতে আসা মুন্নি, রেজিয়া, মামুন ও সোহেল জানান, শরতের কাশফুলের এমন সৌন্দর্য মনকে নিমিষেই প্রশান্ত করে তোলে। বিশেষ করে বিকেলের মৃদু বাতাসে যখন কাশফুলগুলো দুলতে থাকে, তখন এক দারুণ অনুভূতি হয়। আমরা সবাই মিলে এখানে এসে ছবি তুললাম, ভিডিও করলাম। খুব ভালো সময় কাটছে আমাদের।

স্থানীয় আবৃত্তি ও ছড়াকার হাবিবুর রহমান হাবিব শরতের এই রূপ নিয়ে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শরৎ এসেছে তার আপন মহিমায়, তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের চরগুলো সেজেছে শরতের শুভ্রতায়, কবিরাও লিখছেন শরতের শুভ্রতা নিয়ে নানান কবিতা, বাঙালি জাতির সংস্কৃতিকে ধরে রাখার জন্য শরৎকে আমাদের ধরে রাখা উচিত। 

নদীর কলতান আর বাতাসের তালে তালে দুলতে থাকা কাশফুলের এই মেলা ধরলার পাড়ে যেন এক জীবন্ত ক্যানভাস তৈরি করেছে। শরতের এই অনাবিল আনন্দ আর প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে প্রতিদিনের এই দর্শনার্থীদের আনাগোনা আরও কিছুদিন চরের বুককে প্রাণবন্ত করে রাখবে।

ইমন/ডেইলি সান

আরও পড়ুন