চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিক অপসারণ শুরু
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম
দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে জমে থাকা বিপজ্জনক রাসায়নিক অপসারণের কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ধ্বংসের জন্য বিশেষ নিরাপত্তাবেষ্টনীতে ৯টি কনটেইনার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ‘বি’ ইয়ার্ড থেকে রাসায়নিকবাহী বিশেষ কনভয়টি নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে রওনা দেয়।
বন্দর সূত্র জানায়, প্রথম চালানে রয়েছে এক কনটেইনার সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড, পাঁচ কনটেইনার মিথানল এবং দুই কনটেইনার থিনার। ওয়াটা কেমিক্যালসে পরিবেশসম্মত উপায়ে এসব রাসায়নিক ধ্বংস করা হবে।
আমদানির পর খালাস না করা এবং আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে এসব বিপজ্জনক রাসায়নিক বন্দরে আটকে ছিল। বর্তমানে বন্দরে থাকা ২৯টি কনটেইনারে প্রায় ৮১ টন ঝুঁকিপূর্ণ রাসায়নিক রয়েছে।
নিরাপত্তা ঝুঁকি এড়াতে সরকারের একাধিক সংস্থার সমন্বিত উদ্যোগে এসব রাসায়নিক অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৯টি কনটেইনার সরিয়ে নেওয়া হলো। অবশিষ্ট কনটেইনারগুলোও পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।