খেলাধুলার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
খেলাধুলার প্রসার ও অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা’র রংপুর বিভাগীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ আরও খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। সারাদেশে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা ও প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দিনাজপুর বিকেএসপিকেও পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের কথা জানান তিনি।
যুব কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের ‘আর্ন’ (EARN) প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দিনাজপুরের ১০টি উপজেলায়ও প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করলে এবং খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চা করলে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।