মিরসরাইয়ে বিএসআরএম প্লান্ট পরিদর্শনে শ্রমমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
দেশে ও বিদেশে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে উল্লেখ করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের কার্যালয় ও শিল্প প্লান্ট পরিদর্শন শেষে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে দক্ষ জনশক্তি তৈরির একটি কার্যকর মডেল গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
শিল্প খাতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের অধিকার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে যাচাই করা হবে।
বিএসআরএমের দীর্ঘদিনের শিল্প কার্যক্রমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতিতে ভূমিকা রাখছে। কর্মসংস্থান বাড়ার সঙ্গে দেশের সামগ্রিক উন্নয়নের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার পরিবেশবান্ধব ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনের সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।