তেল-গ্যাস ছাড়াই চলবে গাড়ি, কী এই ‘সানকার’?
চলন্ত অবস্থাতেই চার্জ হবে গাড়ি
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম
বরিশালের ইউজিভি শিক্ষক ও শিক্ষার্থীদের তৈরি পরিবেশবান্ধব সৌরচালিত গাড়ি ‘সানকার’। ছবি: সংগৃহীত
তেল, গ্যাস কিংবা সরাসরি বিদ্যুৎ সংযোগ—কোনোটিরই প্রয়োজন নেই; কেবল সূর্যের আলোকেই শক্তিতে রূপান্তর করে চলবে গাড়ি। এমনই এক পরিবেশবান্ধব সৌরচালিত যান ‘সানকার’ উদ্ভাবন করেছেন বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) একদল শিক্ষার্থী ও শিক্ষক।
দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি এই যানটি প্রচলিত জ্বালানিনির্ভর যানবাহনের বিকল্প হিসেবে কম খরচে পরিবেশবান্ধব যাতায়াতের নতুন এক সম্ভাবনা উন্মোচন করেছে। বিশেষ করে কম দূরত্বে নগর ও গ্রামীণ সড়কে চলাচলের উপযোগী করে এটি তৈরি করা হয়েছে।
গাড়িতে থাকা সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তি সংগ্রহ করে মোটর পরিচালনার মাধ্যমে এটি চলে। সূর্যের আলো সরাসরি না থাকলেও সংরক্ষিত শক্তি দিয়ে গাড়িটি টানা ৫ ঘণ্টা চলতে সক্ষম।
ইউজিভি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমরান চৌধুরী জানান, গাড়িটি চলন্ত অবস্থায়ও সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে ব্যাটারি চার্জ করতে পারে।
বাংলাদেশে টানা কয়েকদিন সূর্য দেখা না যাওয়ার বিষয়টিকে মাথায় রেখে এতে সাধারণ বিদ্যুৎ দিয়ে চার্জ করার বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।
স্থানীয় পর্যায়ে সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করায় ভবিষ্যতে এর বাণিজ্যিক উৎপাদন সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা সম্ভব। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনের দিকে জোর দেওয়া হচ্ছে। সেই বাস্তবতায় সূর্যালোকসমৃদ্ধ বাংলাদেশে সৌরশক্তিকে পরিবহন খাতে কাজে লাগানোর এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক।
উদ্ভাবক দলের সদস্যরা জানান, প্রাথমিক সাফল্যের পর সানকারের গতি, চলার দূরত্ব, সৌর প্যানেলের দক্ষতা এবং যাত্রী ধারণক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে বাণিজ্যিকভাবে বাজারে আনার আগে এর কারিগরি সক্ষমতা ও সড়ক নিরাপত্তা নিয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।