রূপপুরের ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে ঢাকার পথে কার্গো বিমান
রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান রাশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাশিয়া থেকে ছেড়ে আসা বিমানটি ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে।
এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়। ওই চালান আনার জন্য বাংলাদেশ ও রাশিয়ার পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের জ্বালানি পুনঃস্থাপনের (রিফুয়েলিং) জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। গত বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, ত্রুটি মেরামতের পর মঙ্গলবার রাতে পরীক্ষা শুরু হয় এবং বুধবার সকালে তা শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—দুই জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়।
পরীক্ষায় নিয়ন্ত্রণ ভাল্ভগুলোর কার্যকারিতা, নিরাপত্তা ভাল্ভের কার্যক্রম ও প্রতিক্রিয়া যাচাই করা হয়। একই সঙ্গে ভাল্ভের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। নির্ধারিত পদ্ধতি ও নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে রোসাটম।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রোসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।