সাগরে ডুবতে বসা ট্রলার থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়ার সময় ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে একটি ট্রলার। সেন্টমার্টিনের অদূরে বিপদে পড়া ওই ট্রলার থেকে ৭৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নৌবাহিনী।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি ট্রলার সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় আরেকটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সহায়তার জন্য ওই ট্রলারের কাছে গেলে সেখানে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি নৌবাহিনীকে জানায় এফভি ক্রিস্টাল-১-এর লোকজন।
পরে নৌবাহিনী অভিযান চালিয়ে ভাসমান ট্রলারটি উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ট্রলারে পানি ঢুকে পড়ায় সেখানে থাকা যাত্রীদের জীবন গুরুতর ঝুঁকির মধ্যে ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। অপর ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।
নৌবাহিনীর দ্রুত অভিযানে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানোর পাশাপাশি মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। সময়মতো উদ্ধার অভিযানের মাধ্যমে ট্রলারে থাকা ৭৬ বাংলাদেশির প্রাণ রক্ষা করা সম্ভব হয়।