EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিল্প ও সেবা খাতকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান রাষ্ট্রপতির

‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ এএম

শিল্প ও সেবা খাতকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

অ অ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ অবস্থায় দেশের শিল্প ও সেবা খাতকে আরও দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। এ প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে দেশের সব শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক এবং উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত।

তিনি বলেন, উৎপাদনশীলতা একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই।

রাষ্ট্রপতি বলেন, বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তার মাধ্যমে সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি দেশের শিল্পভিত্তিকে আরও শক্তিশালী করা সম্ভব।

টেকসই উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদের যথাযথ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে আরও উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন