বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ লোয়াবের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ এএম
ছবি: সংগৃহীত
দেশে এলপিজির পর্যাপ্ত সরবরাহ থাকায় বিইআরসির নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কঠোর নির্দেশ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি বা নিয়মবহির্ভূতভাবে মজুদ করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় লোয়াব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় এলপিজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, দেশে বর্তমানে এলপিজি আমদানির পরিমাণ সন্তোষজনক। গত সেপ্টেম্বর মাসে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।
এর আগে আগস্ট মাসে আমদানি করা হয়েছিল ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। ফলে দেশে এলপিজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই বলে জানায় লোয়াব।
সংগঠনটি জানায়, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করলে কিংবা নিয়মবহির্ভূতভাবে এলপিজি মজুদ করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের এলপিজির বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের কঠোর নির্দেশ দিয়েছেন।
লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সব সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে অবিলম্বে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে লোয়াব সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।