৪৫৯২ পুলিশ নিয়ে সাইবার ইউনিটের যাত্রা শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাইবার অপরাধ দমন ও ডিজিটাল নিরাপত্তা জোরদারে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু করেছে পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। অভিজ্ঞ পুলিশ সদস্যদের পদায়ন ও নতুন নিয়োগের মাধ্যমে এই জনবল পূর্ণাঙ্গ করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থানা পর্যায়ে ওসির নেতৃত্বে সাইবার কেন্দ্রিক সেবা প্রদান ও তদন্তের জন্য পৃথক সাব-ইনস্পেক্টর (এসআই), সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) ও কনস্টেবল পদায়ন করা হবে।