EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নানা বাড়ির স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

নানা বাড়ির স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী

ছবি: ফেনী জেলার পরশুরাম উপজেলায় ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত

অ অ

দিনব্যাপি সফরে ফেনীতে অবস্থানকালীন জেলার পরশুরাম উপজেলায় ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর এক সমাবেশে বক্তব্যের শুরুতেই নিজ নানা বাড়ি ফেনীতে অতীতের স্মৃতিচারণ করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ সেচ প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শৈশবে প্রথমবার ফেনীতে আসা, সেসময়ের পরিবেশ, বেগম খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ইত্যাদি স্মৃতি স্মরণ করেন। 

তারেক রহমান বলেন, ‘‘অনেক দিন পর নানাবাড়িতে আসলাম। এখানে আসার পথে মনে পড়ছিল প্রথম আমি এখানে এসেছিলাম ১৯৮৪ সালে খুব সম্ভবত। তারপরে এলাম ১৯৯১ সালে। তখন এই আপনাদের মেয়ে মরহুমা খালেদা জিয়াকে আপনারা নির্বাচিত করেছিলেন ১৯৯১ সালে। উনার নির্বাচনের জন্য আমি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহন করে এই এলাকায় ছিলাম।”

স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তখন এই রাস্তাটা( ফুলগাজী থেকে পরশুরাম সড়ক) ছিল না। এখানে অনেক মুরুব্বী আছে তাদের মনে আছে এটা বালির রাস্তা ছিল। আমি সেই একদম উপজেলা থেকে শুরু করে দূরে বিডিআর এর একটা ক্যাম্প ছিলো সেই ক্যাম্প পর্যন্ত আমি গিয়েছিলাম। আজকে আমার এই কথাটা মনে পড়ছিল।”

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘এখন আজকে আবার বহু বছর করে আল্লাহর রহমতে নানা বাড়িতে সুযোগ হয়েছে। এই যে আসাটা এখন তো আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে আপনাদের দোয়ায়। শুধু তো নানা বাড়ি বেড়াতে আসলে হবে না, কাজও করতে হবে।”

‘‘কাজ করবে দেশের মানুষের জন্য, কাজ করতে হবে দেশের জন্য। এখন কাজের অংশ হিসেবে এই মহুয়া-কহুয়া খাল বা নদীটি খনন করার কাজে হাত দিয়েছি।  এই খালটি কেনো খনন করব? কী উপকার হবে?”

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই খাল খনন করলে এই এলাকার মানুষের উপকার হবে। এই এলাকার সাড়ে ৪ লাখ মানুষের উপকার হবে। শুধু সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে না প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে কৃষক ভাইয়েরা তাদের সেচ সুবিধা তৈরি করতে পারবে।’’

তিনি বলেন, ''তার ফলে প্রায় এক লক্ষ মেট্রিক টন ফসল উৎপাদন বেশি হবে। ফসলের উৎপাদন বেশি হলে কৃষকের লাভ হবে, ফসলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পারব।”

প্রধানমন্ত্রী বলেন, ‘‘নানাবাড়ির সকল সদস্যের কাছ থেকে আমি সেই দোয়া নিয়ে যেতে চাই, যে দোয়ায় আমি জনগনের কর্মসূচিকে সস্পূর্ণ রুপে বাস্তবায়ন করতে পারব।”

আরও পড়ুন