ফিঙ্গার প্রিন্ট ক্লোন প্রতারণা চক্র: আটক ৩, বিপুল পরিমাণ সিম, ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: আটক ফিঙ্গার-প্রিন্ট ক্লোন করে বিভিন্ন কোম্পানির সিম কার্ড নিবন্ধনকারি প্রতারক চক্র। সংগৃহীত
বাগেরহাটে ফিঙ্গার-প্রিন্ট ক্লোন করে বিভিন্ন কোম্পানির সিম কার্ড নিবন্ধনকারি প্রতারক চক্রের হোতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক ছাপ দেওয়া রাবারের কীট, সিম কার্ড এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম তার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন, প্রতারক চক্রের হোতা মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) এবং মো. লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)। এদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক ছাপ দেওয়া রাবারের ১৪১টি কীট , গ্রামীণ কোম্পানির অব্যবহৃত ২১টি সিম কার্ড, একটি ফিঙ্গার স্ক্যানার মেশিন, ৪টি ইউএসবি পোর্ট, প্লাস্টিক পেপারের উপর ৬টি ফিঙ্গারের বায়োমেট্রিক ছাপ, নিবন্ধন কাজে ব্যবহৃত মাস্কিং টেপ এবং তিনটি মোবাইল ফোন।
পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মো. মামুন আলী খাঁর বাড়ি থেকে ফিঙ্গার-প্রিন্ট প্রতারক চক্রের হোতাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে মোবাইলের সিম কার্ড নিবন্ধন (ভুয়া নিবন্ধন) করে আসছে।
তারা ওই সিম কার্ড অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের কাছে উচ্চমূল্যে বিক্রি করে। অপরাধীরা ওই সিম কার্ড ব্যবহার করে মানুষের সাথে নানা ভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে।
পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম আরও জানান, প্রতারক চক্র সাধারণ মানুষের ফিঙ্গার-প্রিন্ট বায়োমেট্রিক ব্যবহার করে সিম কার্ড নিবন্ধন করছে। অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে পুলিশি তদন্তে সিম কার্ড ব্যবহারকারি হিসেবে সাধারণ মানুষের নাম আসছে। পুলিশ ফিঙ্গার প্রিন্টের সুত্র ধরে সাধারণ মানুষের কাছে যাচ্ছে। আসলে সাধারণ মানুষ ওই সিম কার্ড ব্যবহার করেনি।
অবৈধ কাজে ওই সব সিম কার্ড ব্যবহার করায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। ওই চক্রের অপর সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুপার জানান।