EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন

ডেইলি সান রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ এএম

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
অ অ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিম।

নিহত আয়েস উদ্দিনের স্বজন শফিকুল ইসলাম জানান, তারা ১০ থেকে ১২ জন সোনাইচণ্ডী হাটে গরু কিনতে গিয়েছিলেন। গরু কিনে ফেরার পথে পুস্কুনি এলাকায় তাদের ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন