EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল নৌযানের ভাড়া

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল নৌযানের ভাড়া
অ অ

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ১৯ পয়সা বাড়ানো হয়েছে।

এ ছাড়া নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে।

প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

এতে আরও বলা হয়, নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত এর আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হলো।

জনস্বার্থে পুনর্নির্ধারিত নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন