EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ-তুরস্কের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

বাংলাদেশ-তুরস্কের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দুই দেশের বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। বর্তমানে টার্কিশ এয়ারলাইন্স ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনায় তুরস্কের আগ্রহকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগ আরও বাড়বে।

চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক যাতায়াতের চাহিদা বিবেচনায় এ উদ্যোগ দুই দেশের মানুষের যোগাযোগ আরও সহজ করবে বলে জানান মন্ত্রী।


পর্যটন খাতে তুরস্কের বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পর্যটনকেন্দ্রের অবকাঠামো ও সেবার মান উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করছে সরকার। পর্যটন ও হসপিটালিটি খাতে তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্কের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও আলোচনা হয়। মন্ত্রী বলেন, ভিসা সুবিধা সহজ হলে দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন ও জনগণের যোগাযোগ আরও বাড়বে।

বৈঠকে উভয় পক্ষ বিমান চলাচল, পর্যটন, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারে আগ্রহ প্রকাশ করে।

আরও পড়ুন