শিক্ষার্থীদের টাকা আত্মসাতের মামলায় সাবেক শিক্ষক ও সভাপতি কারাগারে
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: ডেইলি সান
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহীন উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলিত টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বিশ্বম্ভরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক মো. নূরুল হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের শুরুর দিকে বিদ্যালয়ের সেশন ফি, পরীক্ষা ফি, টিউশন ফি ও শিক্ষার্থীদের বেতন বিদ্যালয়ের সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের হিসাবে জমা করা হয়। পরে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয়ের খরচের কথা বলে প্রায় ৫ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ ওঠে।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র ভূষণ সরকার ২০২৪ সালে সাবেক প্রধান শিক্ষক শাহীন উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
পরে আদালত গোয়েন্দা পুলিশকে মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক হযরত আলী গত ১৯ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
মামলার বাদী পবিত্র ভূষণ সরকার বলেন, শিক্ষার্থীদের টাকা আত্মসাতের মামলায় তদন্ত প্রতিবেদনে শাহীন উদ্দিন ও আব্দুল হেকিমের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। পরে তারা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল।